প্রকাশিত: Wed, Jan 18, 2023 10:26 AM
আপডেট: Thu, Jul 23, 2026 10:09 AM

মানবাধিকারের উন্নতির কারণে র‌্যাবের বিরুদ্ধে আর নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র: আইনমন্ত্রী

আনিস তপন: আনিসুল হক বলেছেন, র‌্যাবের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের। কিন্তু মানবাধিকারের উন্নতির কারণে তারা র‌্যাবের বিরুদ্ধে আর নিষেধাজ্ঞা দেয়নি। বাংলাদেশ সফরকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এ কথা জানিয়েছেন।

সম্প্রতি ডোনাল্ড লু বাংলাদেশ সফর করেন। সফরকালে তিনি আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের কথা উল্লেখ করে আইনমন্ত্রী বুধবার সাংবাদিকদের এসব কথা বলেন। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও কথা বলেন তিনি। বলেন, যাদের নাম শোনা যাচ্ছে সবই ধারণানির্ভর। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৬০ থেকে ৯০ দিনের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন হবে।

র‌্যাবের ওপর থাকা বিদ্যমান নিষেধাজ্ঞা কবে নাগাদ প্রত্যাহার করা হতে পারে, এ বিষয়ে ডোনাল্ড লু কিছু বলেছেন কি না, তা জানতে চান এক সাংবাদিক। এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এ ব্যাপারে আমি তার সঙ্গে কথা বলিনি। এর কারণ হচ্ছে, র‌্যাবের বিরুদ্ধে দেওয়া নিষেধাজ্ঞা ওঠানোর ব্যাপারে আইনি একটি পদ্ধতি আছে। আমরা আইনের সেই পদ্ধতি অনুযায়ী এগোচ্ছি। আমরা আশা করি, এই আইনি পদ্ধতির মাধ্যমে র‌্যাবের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব